বিএনপির ভুয়া প্রচারণা অভিযোগে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন


Rastrerkotha প্রকাশের সময় : ০৩/১২/২০২৫, ৮:২৫ অপরাহ্ণ /
বিএনপির ভুয়া প্রচারণা অভিযোগে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন
76

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা:

বিএনপির সাজানো যোগদান–অনুষ্ঠান ও মিথ্যা অপপ্রচারের অভিযোগে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা প্রেসক্লাবে বুধবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টায় জরুরি সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সভাপতি মোঃ জাকির হোসেন, সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান, বাইতুল মাল সম্পাদক মোঃ আব্দুল খালেক, প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ আবুল কাশেম, এবং উল্টাছড়ি ইউনিট সভাপতি মোঃ সৈয়দ মজনু।

লিখিত বক্তব্য উপস্থাপন করেন প্রচার সম্পাদক মোঃ আবুল কাশেম। তিনি বলেন, “গত ২ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা আমাদের নতুন সহযোগী সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের ভয়–ভীতি দেখিয়ে তাদের সমাবেশে নেওয়ার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে পরে আওয়ামী লীগ-ছাত্রলীগের কিছু কর্মীকে যোগদান করিয়ে ‘জামায়াত ত্যাগ’ নামে সাজানো নাটক তৈরি করা হয়। এমনকি জামায়াতের কিছু পূর্বের নিষ্ক্রিয় সদস্যদেরও প্রোগ্রামে উপস্থিত দেখিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হয়েছে।”

তিনি আরও বলেন, “এই মিথ্যা অপপ্রচার রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে। বিএনপিকে সুস্থ রাজনৈতিক চর্চায় ফিরে আসার আহ্বান জানাই।”

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপজেলা সভাপতি মোঃ জাকির হোসেন বলেন, “যাদের যোগদানপত্র দেখানো হয়েছে, তারা বহু আগের নিষ্ক্রিয় সহযোগী সদস্য। তারা আমাদের বর্তমান কোনো কর্মী বা নেতা নয়। জামায়াতে ইসলামের কর্মী বা রোকন হতে হলে পাঠ্যসূচি, চরিত্র, নিয়মনীতি এবং সংগঠনের নির্ধারিত ধাপ অনুসরণ বাধ্যতামূলক। এসব যোগদান দেখানো ব্যক্তি এসব মানদণ্ড পূরণ করেননি।”

তিনি আরও যোগ করেন, “ফরম পূরণ করলেই কেউ জামায়াতের সদস্য বা কর্মী হয়ে যায় না। সাজানো যোগদান দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করা অনৈতিক ও নিন্দনীয়।”

সংবাদ সম্মেলনে নেতারা ভুয়া প্রচারণার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ রক্ষার আহ্বান জানান।