বাগেরহাটের পঁচা দিঘি থেকে রাজমিস্ত্রির মৃতদেহ উদ্ধার


Rastrerkotha প্রকাশের সময় : ১৪/১০/২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ /
বাগেরহাটের পঁচা দিঘি থেকে রাজমিস্ত্রির মৃতদেহ উদ্ধার
17

বাগেরহাট সংবাদদাতা:

বাগেরহাট সদরের পঁচা দিঘি থেকে এক রাজমিস্ত্রির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৬টা ৪৫ মিনিটে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পঁচা দিঘির পাড় এলাকায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের সামনে রাস্তার পাশে দিঘি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম সুমন্ত বিশ্বাস (৪৫)। তিনি চিতলমারী উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশ চন্দ্র বিশ্বাসের ছেলে। সুমন্ত পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং বাগেরহাট পৌরসভার দশানি মোড়ে জেলা কৃষকদলের আহ্বায়ক আসাফ উদ্দৌলা জুয়েলের বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর দুপুর একটার দিকে সুমন্ত বিশ্বাস বাদেকাড়াপাড়ার মো. রফিকুল ইসলাম রাসেলের বাসায় কাজ করছিলেন। হঠাৎ কাজ শেষ না করে তিনি বাসা থেকে বের হয়ে যান এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। পরদিন সকালে স্থানীয়রা দিঘিতে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন এবং থানায় খবর দেন।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।