প্রয়াত শিক্ষিকা মেহেরিন চৌধুরীর কবর জিয়ারত করলেন স্থানীয় প্রেসক্লাব


Rastrerkotha প্রকাশের সময় : ৩১/০৭/২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ /
প্রয়াত শিক্ষিকা মেহেরিন চৌধুরীর কবর জিয়ারত করলেন স্থানীয় প্রেসক্লাব
5

নিজস্ব প্রতিবেদক:

মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় তাঁর কবর জিয়ারত করেছেন প্রেসক্লাব জলঢাকা ও স্থানীয় সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া কবরস্থানে এ জিয়ারত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

জিয়ারতে অংশগ্রহণ করেন প্রেসক্লাব জলঢাকার সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু, মাহাদী হাসান মানিক ও হাসিবুল ইসলাম মিতু, কোষাধ্যক্ষ ছানোয়ার হোসেন বাদশা, ক্রীড়া সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হাফিজুর ইসলাম, সদস্য হাসানুজ্জামান সিদ্দিকী ও রমজান আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, সহ-সভাপতি মাহবুব নোমান, আপ্যায়ন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, রিপোর্টার্স ক্লাবের এন. আই. মানিক, তহমিদার রহমান মিলনসহ আরও অনেকে।

জিয়ারত শেষে প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান বলেন, “মেহেরিন চৌধুরী শুধু একজন শিক্ষিকা ছিলেন না, ছিলেন একজন মানবিক, আদর্শবান এবং দায়িত্বশীল মানুষ। তাঁর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

উল্লেখ্য, সম্প্রতি এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মেহেরিন চৌধুরী প্রাণ হারান। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন অভিজ্ঞ ও জনপ্রিয় শিক্ষিকা ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে শিক্ষা জগতে নেমে এসেছে শোকের ছায়া।