খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির


Rastrerkotha প্রকাশের সময় : ১৫/০৮/২০২৬, ২:৩২ পূর্বাহ্ণ /
খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির




নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৫ আগস্ট) ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন। এ উপলক্ষে ঢাকাসহ সারাদেশে বিএনপির দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

রাজধানীতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

বিএনপির বিজ্ঞপ্তিতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সারাদেশে আয়োজিত এসব মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ২০২৫ সালে মারা যান।