প্রকাশিত সংবাদের প্রতিবাদে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন


Rastrerkotha প্রকাশের সময় : ১৫/০১/২০২৬, ৫:২২ অপরাহ্ণ /
প্রকাশিত সংবাদের প্রতিবাদে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
103

আবুল কালাম, নেত্রকোনা সংবাদদাতাঃ

প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীরা বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খালিয়াজুড়ি উপজেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান কেস্টু। তিনি বলেন, নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) সংসদীয় আসনে বিএনপির কান্ডারী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশনায় দলীয় শৃঙ্খলা রক্ষায় তিনটি থানায় তিনজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিয়মিতভাবে নেতাকর্মীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও প্রতিবেদন দিচ্ছেন।

তিনি অভিযোগ করে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে গত ৭ জানুয়ারি তথাকথিত বিএনপির এক কর্মীর নামে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীনসহ কয়েকজন নেতার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দাখিল করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে গত ১২ জানুয়ারি কয়েকটি গণমাধ্যমে ‘খালিয়াজুড়ি উপজেলা বিএনপির ফাইভ স্টার বাহিনী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

তিনি আরও বলেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি নজরে আসার পর এ ধরনের অপপ্রচারের প্রতিবাদ জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তারা একাধিক রাজনৈতিক মামলার শিকার হয়েছেন। উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়েও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে অংশ নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দলের নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে একটি মহল নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এ ধরনের মিথ্যা ও বানোয়াট অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদ রানা, ইদ্রিস আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুজ্জামান তরু, সাংগঠনিক সম্পাদক মির্জা জিয়া উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।