পিআরসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে নেত্রকোণায় জামায়াতের স্মারকলিপি হস্তান্তর


Rastrerkotha প্রকাশের সময় : ১২/১০/২০২৫, ১০:২৪ অপরাহ্ণ /
পিআরসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে নেত্রকোণায় জামায়াতের স্মারকলিপি হস্তান্তর
55

আবুল কালাম, নেত্রকোণা সংবাদদাতা:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন)সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে নেত্রকোনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখা।

রবিবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানের আগে প্রায় তিন শতাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মিছিল জেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামানের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ, জেলা সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসাইন সাইফুল, জেলা বায়তুলমাল সেক্রেটারি মোঃ নিজাম উদ্দিন, আটপাড়া-কেন্দুয়া মনোনীত প্রার্থী অধ্যাপক খাইরুল কবির নিয়োগী, কলমাকান্দা-দুর্গাপুর (নেত্রকোনা-১) আসনের মনোনীত প্রার্থী মাওলানা আবুল হাসিম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূইয়া, শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, তারবিয়াহ সেক্রেটারি বদরুল আমিন, অফিস সেক্রেটারি এস এম আল আমিন, পৌর আমীর মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা অলি উল্লাহসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হলে নির্বাচন হতে হবে নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক। তারা আরও বলেন, স্বৈরাচারী চক্র ও জাতীয় পার্টির মতো দোসর দলগুলোকে নিষিদ্ধ করতে হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই দাবিগুলো উপেক্ষা করা হলে আমরা ঘরে ফিরে যাব না, রাজপথেই থেকে আন্দোলন বেগবান করব।”

জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে বলেন, দাবিপত্রটি যথাযথ প্রক্রিয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে।