পঞ্চগড়ে কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত


Rastrerkotha প্রকাশের সময় : ২৫/০১/২০২৬, ৩:২৩ অপরাহ্ণ /
পঞ্চগড়ে কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
61

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় সংবাদদাতাঃ

পঞ্চগড়ে কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় জেলার ধাক্কামাড়া মনোয়ারা কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড়-১ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির ১ নম্বর সদস্য সামসুজ্জামান বিপ্লব এবং জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউজ্জামান পাটোয়ারী রুবেল।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবু, সহসভাপতি মাহবুব আলমসহ জেলার তিনটি উপজেলা থেকে আগত প্রায় এক হাজার ওষুধ ব্যবসায়ী।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, মতামতের পার্থক্য থাকবেই, তবে সেই মতামতের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। শ্রদ্ধাবোধ ছাড়া রাজনীতি কিংবা সভ্য সমাজ গঠন সম্ভব নয়। তিনি বলেন, মতের অমিলের কারণে কারও বাড়ি, গাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা কখনোই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, পৃথিবীর সব দেশেই মানুষের মধ্যে ভিন্নমত রয়েছে। কিন্তু সেই ভিন্নমত প্রকাশের একটি নিয়মতান্ত্রিক ও সভ্য পদ্ধতি রয়েছে। শক্তি প্রয়োগ বা বেআইনি কর্মকাণ্ডের মাধ্যমে নয়, বরং গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে মত প্রকাশ করা উচিত। সম্প্রতি কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টসদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দাও জানান তিনি।
সভায় বক্তারা ওষুধ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং নিরাপত্তা ও পেশাগত স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।