নেত্রকোনায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ


Rastrerkotha প্রকাশের সময় : ১২/০৪/২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ /
নেত্রকোনায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ
58

আবুল কালাম নেত্রকোনা সংবাদদাতাঃ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকাল ৫টায় নেত্রকোনার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নেত্রকোনা প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা সাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে এবং মো. বদরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাছুম মোস্তফা, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, এনসিপির জেলা আহ্বায়ক ইফতেখার শামীম, এলডিপির জেলা সভাপতি মিজানুর রহমান মুকুল এবং এনসিপির জেলা সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, ওলামা বিভাগের জেলা সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূঁইয়া, পৌর জামায়াতের আমির মোহাম্মদ রফিকুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা অলিউল্লাহ, পৌর জামায়াতের নায়েবে আমির ডা. আবুল হোসেন তালুকদার এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা নেতা আতিক হাসান হৃদয়সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার গণভোটের বিষয়টি নিয়ে টালবাহানা করছে। তারা বলেন, সরকার নিজেদের প্রাপ্ত ভোটকে গুরুত্ব দিলেও গণভোটে বিপুল জনগণের রায় উপেক্ষা করছে।

জেলা আমির তার বক্তব্যে সরকারের প্রতি ‘শুভবুদ্ধির উদয়’ কামনা করে বলেন, জনগণের রায়কে সম্মান জানিয়ে দ্রুত বাস্তবায়ন করা উচিত।

অন্যদিকে, সংসদ সদস্য অধ্যাপক মাছুম মোস্তফা বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিলে এর পরিণতি ভোগ করতে হয়। জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া শক্তিগুলো শেষ পর্যন্ত ক্ষমতা হারিয়েছে এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার যেন জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করে এবং এমন পরিস্থিতি সৃষ্টি না হয়, যাতে জনগণকে আবার রাজপথে নামতে হয়।