
নেত্রকোনা সংবাদদাতা:
নেত্রকোণায় মগড়া নদী দখল ও দূষণ রোধে করণীয় নির্ধারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর আয়োজনে এবং এআরএফবির সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
‘ডিফেন্ডিং এনভায়রনমেন্টাল রাইটস অ্যান্ড প্রোমোটিং জাস্টিস’ প্রকল্পের আওতায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন এআরএফবির চেয়ারম্যান দিলওয়ার খান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দখল ও দূষণ মগড়া নদীর প্রধান সমস্যা। আমরা সবাই যদি একসাথে কাজ না করি ও সচেতন না হই, তাহলে দখলদাররা নদী দখল করেই যাবে। সরকার নদী দখলমুক্ত করার জন্য ইতিমধ্যে একটি টেকসই পরিকল্পনা হাতে নিয়েছে।”
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ। তিনি মগড়া নদীর বর্তমান অবস্থা, দখল ও দূষণের উৎস এবং বেলা’র কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন, জেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নূর হোসেন, নেত্রকোণা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা।
সভায় মৃতপ্রায় মগড়া নদীর বাস্তব চিত্র নিয়ে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করা হয় এবং অংশগ্রহণকারীরা নদী রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :