
আবুল কালাম, নেত্রকোণা সংবাদদাতাঃ
আবহমান গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশে নেত্রকোণায় বর্ণিল আয়োজনে পালিত হয়েছে পহেলা বৈশাখ। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটে ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে জাতীয় সঙ্গীত ও ‘এসো হে বৈশাখ, এসো এসো’ পরিবেশনার মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। পরে সকাল ৯টায় মোক্তারপাড়া মাঠ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সকাল ১০টায় বেলুন উড়িয়ে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক কার্যক্রমের উদ্বোধন করেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। এসময় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু।
এছাড়াও জেলা শহরের বিভিন্ন স্থানে মিতালী সংঘ, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী, মধুমাছি কচি-কাঁচার মেলা, বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল (নেত্রকোণা জেলা শাখা)সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি, গ্রামীণ খেলাধুলা এবং বৈশাখী মেলার আয়োজন করে।
আপনার মতামত লিখুন :