নীলফামারীতে এনসিপির তিন নেতা এখন জামায়াতে


Rastrerkotha প্রকাশের সময় : ২৭/০৩/২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ /
নীলফামারীতে এনসিপির তিন নেতা এখন জামায়াতে
35

মো. রমজান আলী>>

নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) তিন নেতা দলত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নীলফামারী জেলা জামায়াতের আয়োজিত এক আলোচনা সভায় তাদের যোগদানের ঘোষণা দেওয়া হয়।

মো. খয়রাত হোসেন শাহ’র নেতৃত্বে এনসিপির নীলফামারী জেলা শাখা থেকে পদত্যাগ করে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।

জামায়াতে সদ্য যোগদানকারীরা হলেন, এনসিপি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. খয়রাত হোসেন শাহ, যুগ্ম সদস্য সচিব মো. শাহ আলম চৌধুরী এবং যুগ্ম সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

যোগদান শেষে জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের বরণ করে নেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও নতুন সদস্যদের স্বাগত জানান।

নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি যোগদানকারী নেতাদের ফুল দিয়ে বরণ করেন এবং তাদের আগমনে সন্তোষ প্রকাশ করেন।