নির্বাচন বানচালে পতিত স্বৈরাচার সহিংসতার আশ্রয় নিতে পারে: হাফিজ উদ্দিন আহমেদ


Rastrerkotha প্রকাশের সময় : ০৮/০৮/২০২৫, ৬:১৪ অপরাহ্ণ /
নির্বাচন বানচালে পতিত স্বৈরাচার সহিংসতার আশ্রয় নিতে পারে: হাফিজ উদ্দিন আহমেদ
3

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম আশঙ্কা প্রকাশ করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে “পতিত স্বৈরাচার” দেশজুড়ে সহিংস পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘অগ্নি সোশাল ফাউন্ডেশন’ ও ‘আমাদের নতুন বাংলাদেশ’ এর যৌথ উদ্যোগে “দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও সংসদ নির্বাচন” শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, “নির্বাচনের আগে দেশে অনেক গন্ডগোল হবে। ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা নির্বাচন বানচাল করতে সহিংস ঘটনার অবতারণা করতে পারেন।”

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এ ধরনের ষড়যন্ত্র রুখতে দলমত নির্বিশেষে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে এই মাফিয়াদের নাশকতা প্রতিহত করব—আজকের দিনে এটাই আমাদের অঙ্গীকার।”

তিনি এবারের নির্বাচনকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বলেন, “এটা হবে হাসিনা-আওয়ামী লীগ মার্কা দুঃশাসনের বিরুদ্ধে চূড়ান্ত রায় দেওয়ার নির্বাচন।”

সরকারের উদ্দেশে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, একটি সুষ্ঠু ও গর্ব করার মতো নির্বাচনের আয়োজন করুন। নির্বাচন কমিশনের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, “বর্তমান কমিশনে নিরপেক্ষ ব্যক্তিরা রয়েছেন। আমরা আশা করি, সুষ্ঠু নির্বাচনই হবে গণরায় প্রতিফলনের মাধ্যম।”

তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং গণতন্ত্র ফেরানোর লড়াইয়ে অনেকেই প্রাণ দিয়েছেন।

পুলিশ বাহিনীর সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “এদেশের পুলিশ বাহিনী পেটুয়া বাহিনীতে পরিণত হয়েছিল। বাংলাদেশ হয়ে উঠেছিল একটি পুলিশ স্টেট।”

নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের সরাসরি ভোটেই প্রতিনিধি নির্বাচন হবে, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির মাধ্যমে নয়। কিছু দল পিআর পদ্ধতির কথা বলে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় অগ্নিসেনা সোশাল ফাউন্ডেশনের সভাপতি তালুকদার জহিরুল হক তুহিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিএনপি নেতা রেজাবুদ্দৌলা চৌধুরী এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল প্রমুখ।