নির্বাচনকে ভিন্নখাতে নেয়ার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল


Rastrerkotha প্রকাশের সময় : ০৮/১০/২০২৫, ৫:১৩ পূর্বাহ্ণ /
নির্বাচনকে ভিন্নখাতে নেয়ার ষড়যন্ত্র চলছে:  মির্জা ফখরুল
3

রাষ্ট্রের কথা ডেস্কঃ

নির্বাচনকে ভিন্নখাতে পরিচালিত করার গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য রাখেন।

ফখরুল বলেন, “আসন্ন নির্বাচনে শিক্ষকদের বিরাট ভূমিকা আছে। প্রতিটি জায়গায় দায়িত্ব পালন করতে হবে। আজকে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, নির্বাচনকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা চলছে। যেন তা সফল না হয়—সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন—একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। ১৬ বছরের ফ্যাসিস্ট নির্যাতনের পর যখন জাতি আশাহত হয়ে পড়েছিল, তখন তারেক রহমানই জাতিকে উদ্বুদ্ধ করেছেন, জাগিয়ে তুলেছেন এবং দানবীয় শাসনের বিরুদ্ধে লড়াইয়ে সাহস যুগিয়েছেন।”

আগামী দিনগুলোতে জাতিকে সঠিক নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। একই সঙ্গে তিনি উপস্থিত শিক্ষকসমাজকে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান।