‘না’ ভোটের প্রস্তাব বিএনপি করেনি: নজরুল ইসলাম খান


Rastrerkotha প্রকাশের সময় : ১৭/০৮/২০২৫, ১০:৩৭ অপরাহ্ণ /
‘না’ ভোটের প্রস্তাব বিএনপি করেনি: নজরুল ইসলাম খান
3

স্টাফ রিপোর্টার:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘না’ ভোটের প্রস্তাব বিএনপি দল হিসেবে করেনি। এটি কিছু বিশিষ্ট ব্যক্তির সুপারিশের পরিপ্রেক্ষিতে করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

নজরুল ইসলাম খান বলেন, “আমরা মূলত নির্বাচন কমিশনে এসেছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসি কাজ করছে। এটা কিসের ভিত্তিতে করা হচ্ছে তা জানতে এসেছিলাম।”

তিনি আরও বলেন, “প্রবাসী ভোটারদের বিষয়ে সিইসি জানিয়েছেন, যাদের এনআইডি বা ই-পাসপোর্ট আছে, তাদের সবাইকে ভোটারের আওতায় আনা সম্ভব। বিএনপি দাবি করেছে, নরমাল পাসপোর্টধারীরাও যেন ভোটারের আওতায় আসেন।”

নজরুল ইসলাম খান জানিয়েছেন, “আসন ভাগাভাগি নিয়ে এখনো আমাদের দলের ভেতরে কোনো আলোচনা হয়নি। এটি তফসিল ঘোষণার পরে নির্ধারিত হবে।”

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিএনপির একটি প্রতিনিধি দল।
নজরুল ইসলাম খানের নেতৃত্বে এই প্রতিনিধিদলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৈঠকে ইসির সিনিয়র সচিবও উপস্থিত ছিলেন।