নববধূর মৃত্যুতে উত্তপ্ত জলঢাকা: সড়ক অবরোধ ও সাংবাদিকের আর্থিক দাবি নিয়ে তোলপাড়


Rastrerkotha প্রকাশের সময় : ২৫/০৯/২০২৫, ৮:৫২ পূর্বাহ্ণ /
নববধূর মৃত্যুতে উত্তপ্ত জলঢাকা: সড়ক অবরোধ ও সাংবাদিকের আর্থিক দাবি নিয়ে তোলপাড়
3

নীলফামারী সংবাদদাতা:

নীলফামারীর জলঢাকায় নববধূ জেসমিন আক্তার রুমি (২০) এর আত্মহত্যার ঘটনায় সড়ক অবরোধের পাশাপাশি সাংবাদিকের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনা ঘটেছে উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা এলাকার দলবাড়ীপাড়া এলাকায়।

ঘটনার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার সময় নিজ শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাহিম ইসলামের স্ত্রী জেসমিন আক্তার রুমি। খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ লাশ উদ্ধার করে।

বুধবার সকাল ১০টায় নিহতের পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই লাশ ফেরত চাইলে পুলিশ তা না মেনে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে কয়েকশ যানবাহন রাস্তার দুপাশে আটকে যায়। পরে শ্রমিক নেতাদের ভূমিকা দিয়ে অবরোধ শেষ করা হয়।

এসময় নিহতের পরিবার অভিযোগ করেছেন, আল আমিন নামের এক সাংবাদিক লাশ উদ্ধারের জন্য ৪০ হাজার টাকা দাবি করেছেন।

সাংবাদিক আল আমিন জানান, তিনি নিজে বিষয়টি দেখাশোনা করতে গিয়েছিলেন, তবে টাকা দাবির বিষয়টি এড়িয়ে যান।

পুলিশ জানিয়েছে, দুপুরে জেসমিন আক্তার রুমির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

জলঢাকা থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, “পরিবারের অযৌক্তিক দাবির কারণে তারা থানায় চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিল। পরিস্থিতি বুঝে তারা অবরোধ তুলে নেয়। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।”