ধানের শীষে ভোট দিলে কৃষক-ফ্যামিলি কার্ডে সুবিধা মিলবে: নিপুণ চৌধুরী


Rastrerkotha প্রকাশের সময় : ১৯/০১/২০২৬, ১০:০০ অপরাহ্ণ /
ধানের শীষে ভোট দিলে কৃষক-ফ্যামিলি কার্ডে সুবিধা মিলবে: নিপুণ চৌধুরী
22

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় সংবাদদাতাঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ চৌধুরী বলেছেন, ধানের শীষে ভোট দিলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি সনাতন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। সোমবার সকালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

নিপুণ চৌধুরী দাবি করেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের বয়োজ্যেষ্ঠ নারীর জন্য এক ধরনের ফ্যামিলি কার্ড এবং কৃষকের জন্য কৃষক কার্ড চালু করা হবে, যাতে উৎপাদন সহায়তা, ভর্তুকি ও প্রয়োজনীয় সুবিধা পাবে পরিবারগুলো। ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্রনায়ক বানালেই এসব সুবিধা বাস্তবায়ন সম্ভব হবে।

এ সময় তিনি বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে বলেন, হিন্দু সম্প্রদায় ভয় ছাড়াই ভোটকেন্দ্রে যাবে। দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করবে বিএনপি এ আশ্বাসও দেন তিনি।

বৈঠকে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ মজিদ, আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা।