দেশ ও জাতির স্বার্থে একা নির্বাচনে যাচ্ছি না: ডা. শফিকুর রহমান


Rastrerkotha প্রকাশের সময় : ০৪/১১/২০২৫, ৩:২৪ অপরাহ্ণ /
দেশ ও জাতির স্বার্থে একা নির্বাচনে যাচ্ছি না: ডা. শফিকুর রহমান
52

নিজস্ব সংবাদদাতা:

বাংলাদেশ জামায়াতে ইসলামী একা নির্বাচনে যাচ্ছে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমরা দেশ ও জাতির স্বার্থে একা নির্বাচন করবো না। সব দিক বিবেচনা করেই চূড়ান্ত প্রার্থীতালিকা ঘোষণা করা হবে।”

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে প্রায় দুই সপ্তাহব্যাপী বিদেশ সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, “আমরা প্রায় এক বছর আগে স্থানীয় পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়েছি। সময়মতো কেন্দ্রের পক্ষ থেকে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “আমি শুনেছি বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তবে সেটি চূড়ান্ত নয়। এর মধ্যেও পরিবর্তন আসতে পারে। আমরা ও দেশবাসী সবাই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই।”

ডা. শফিকুর রহমান জানান, গত ১৯ অক্টোবর পবিত্র ওমরাহ পালন শেষে তিনি ২২ অক্টোবর যুক্তরাষ্ট্র সফরে যান। সেখানে সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক ছাড়াও নিউইয়র্ক, বাফেলো এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন।

এরপর তিনি যুক্তরাজ্য ও তুরস্ক সফর করেন। তিনি বলেন, “তুরস্কেও সরকারি-বেসরকারি পর্যায়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা করে তাদের কথা শুনেছি। যেখানে গেছি, দেশ ও জনগণের স্বার্থকেই প্রাধান্য দিয়েছি।”

জামায়াত আমির আরও বলেন, “আমরা দুনিয়ার সব দেশের সঙ্গে সম্মানজনক সম্পর্ক চাই। সেই সম্পর্ক হবে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে।”

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও শাহজাহান চৌধুরী, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, হামিদুর রহমান আযাদ ও অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, সাইফুল আলম খান মিলন,
ঢাকা দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, এবং দক্ষিণের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পৌঁছালে নেতাকর্মীরা জামায়াত আমিরকে ফুল ও স্লোগানে শুভেচ্ছা জানান। পরে নেতাকর্মীদের গাড়িবহরসহ তিনি বসুন্ধরার নিজ বাসভবনে পৌঁছান।