দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সৎ নেতৃত্ব জরুরি: এটিএম আজহারুল ইসলাম


Rastrerkotha প্রকাশের সময় : ০৭/১২/২০২৫, ৫:৩৩ অপরাহ্ণ /
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সৎ নেতৃত্ব জরুরি: এটিএম আজহারুল ইসলাম

নিজস্ব সংবাদদাতাঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, “আমাদের দেশে সম্পদের অভাব নেই, অভাব শুধু সৎ নেতৃত্বের। দুর্নীতি বন্ধ করতে পারলে বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়েও উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারত।”

সোমবার (০৭ ডিসেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গ্রাড়াগ্রাম ইউনিয়নের নতুন টেপারহাট এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “আমাদের তরুণরা পরিবারের প্রয়োজনে বিদেশে পাড়ি জমাচ্ছে। দেশের দুর্নীতি বন্ধ হলে আজ বিদেশীরাই বাংলাদেশে চাকরি খুঁজতে আসত। তাই সৎ ও নৈতিক নেতৃত্ব গড়তে হলে দাঁড়িপাল্লার বিকল্প নেই।”

কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-০১ আসনের সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমীর ড. খাইরুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা অফিস সম্পাদক আব্দুল কাদিম, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ছাদের হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর ও নীলফামারী-০৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম, নীলফামারী সদর উপজেলা আমীর আবু হানিফা শাহ, জলঢাকা উপজেলা নায়েবে আমীর কামরুজ্জামান।

এ সময় কিশোরগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারের মাঝে এক বাইন করে ঢেউটিন বিতরণ করা হয়। এতে উপকারভোগী পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেন। সহায়তা বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।