দিনের ভোট রাতে নয়- এনসিপির কর্মী সমাবেশে ওবায়দুল্লাহ সালাফী


Rastrerkotha প্রকাশের সময় : ২৮/০১/২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ /
দিনের ভোট রাতে নয়- এনসিপির কর্মী সমাবেশে ওবায়দুল্লাহ সালাফী
65

নিজস্ব সংবাদদাতাঃ 

“দিনের ভোট রাতে নয়- এই সংস্কৃতি আমরা আর দেখতে চাই না।” এমন মন্তব্য করেছেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নীলফামারীর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা জাতীয় নাগরিক পার্টির সাবেক প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রাজুর সভাপতিত্বে এবং যুব শক্তির আহ্বায়ক আহসান হাবিব রক্সির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি প্রভাষক সাদের হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর কামরুজ্জামান, জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক মোহাইমেনুর রহমান সানা, উপজেলা কমিটির সদস্য খলিলুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেন, “আমি যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হই, তাহলে প্রথম অধিবেশনেই ইনকিলাব মঞ্চের হাদী হত্যার বিচার দাবিতে অধিবেশন শুরু করবো, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “বিগত আওয়ামী শাসনামলে ভোটাধিকার হরণ করা হয়েছে। দিনের ভোট রাতে হওয়ার মতো ঘটনা জনগণ আর মেনে নেবে না।”

তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, এসব অপকর্মের বিরুদ্ধে ১১ দলীয় জোট সবসময় ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।