দাঁড়িপাল্লার মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক


Rastrerkotha প্রকাশের সময় : ২৬/১১/২০২৫, ৮:১৬ অপরাহ্ণ /
দাঁড়িপাল্লার মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক
74

ঝালকাঠি সংবাদদাতা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনয়ন পেয়েছেন ড. ফয়জুল হক।

বুধবার (২৬ নভেম্বর) ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করা হবে।

ড. ফয়জুল হক হযরত কায়েদ সাহেব হুজুর (রহ.)-এর নাতি। ১৯৮৭ সালের ১ ফেব্রুয়ারি তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম চাড়াখালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বিএ ও এমএ সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য মালোশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেখানে ২০১৯ সালে পিএইচডি এবং ২০২৩ সালে পোস্ট-ডক্টোরাল ফেলোশিপ সফলভাবে সম্পন্ন করেন।

গত ১৬ বছর ধরে অনিয়ম, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত ড. ফয়জুল হক। অনলাইন টকশো, লাইভ আলোচনা ও লেখালেখির মাধ্যমে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধের পক্ষে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন তিনি। জুলাই বিপ্লবের সময় প্রবাসে থেকেও জনমত গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

মনোনয়ন পেয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দাঁড়িপাল্লার মনোনয়ন পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। বিশ্বাস করি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার গঠিত হবে। সেই সরকারের অংশ হতে পারা আমার জন্য বড় সম্মান।”

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে তার মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে তাকে ঘিরে নতুন রাজনৈতিক উচ্ছ্বাসও লক্ষ্য করা যাচ্ছে।