তৃতীয় মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান


Rastrerkotha প্রকাশের সময় : ০২/১১/২০২৫, ৩:০৬ অপরাহ্ণ /
তৃতীয় মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান
52

নিজস্ব সংবাদদাতা:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচনে পুনরায় দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি ২০২৬–২০২৮ কার্যকালের জন্য তৃতীয় মেয়াদে আমির হিসেবে দায়িত্ব পালন করবেন।

শনিবার (১ নভেম্বর) রাতে জামায়াতের প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আনুষ্ঠানিকভাবে আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

রবিবার (২ নভেম্বর) দলটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে সদস্যদের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ডা. শফিকুর রহমান সর্বাধিক ভোট পেয়ে পুনরায় আমির নির্বাচিত হন।

ব্রিটিশ উপনিবেশ আমলে ভারতের লাহোরে মাওলানা সাইয়েদ আবুল আ’লা মওদূদীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় জামায়াতে ইসলামী। এরপর থেকে পূর্ব পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশ মিলিয়ে দলটির আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন মোট ছয়জন নেতা।

সময়কাল নাম:

১৯৫৬–১৯৬০ মাওলানা আবদুর রহিম
১৯৬০–১৯৭১ ও ১৯৯২–২০০০ অধ্যাপক গোলাম আযম
১৯৭৯–১৯৯২ আব্বাস আলী খান (ভারপ্রাপ্ত)
২০০০–২০১৬ মতিউর রহমান নিজামী
২০১৬–২০১৯ মকবুল আহমদ
২০১৯–বর্তমান ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় কাউন্সিলের সদস্যরা গোপন ভোটে তিন বছরের জন্য আমির নির্বাচন করেন।

নির্বাচিত হওয়ার পর নতুন আমির কেন্দ্রীয় মজলিসে শূরা, কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণ করেন।