তুহিন হত্যার বিচার না হলে সাংবাদিকরা নিরাপদ নয়: ডিমলার সাংবাদিকরা


Rastrerkotha প্রকাশের সময় : ১০/০৮/২০২৫, ৬:১০ অপরাহ্ণ /
তুহিন হত্যার বিচার না হলে সাংবাদিকরা নিরাপদ নয়: ডিমলার সাংবাদিকরা
50

নীলফামারী প্রতিনিধি:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে নীলফামারীর ডিমলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছেন।

রবিবার (১০ আগস্ট) দুপুর আড়াইটায় ডিমলার স্মৃতি অম্লান (শুটিবাড়ি মোড়) প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলার অবনতি ও সাংবাদিকদের নিরাপত্তাহীনতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স্বাধীনতার পর থেকে ৫৪ বছরে ৪৯ জন সাংবাদিক নিহত হয়েছেন, ১৮০ জনের বেশি নির্যাতিত হয়েছেন, বহু সাংবাদিক গুম হয়েছেন—যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি।

বক্তারা তুহিন হত্যার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তারা সতর্ক করে বলেন, “দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হবে না। কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করলে নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঘটবে এবং গণতন্ত্র হুমকির মুখে পড়বে।”

মানববন্ধনে মিজানুর রহমান সবুজ, শহিদুল ইসলাম, মোতালেব হোসেন, ময়েন কবির, বাদশা সেকেন্দার ভুট্টু, রেজোয়ান ইসলাম, বাদশা প্রামাণিক, জাহিদুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, নুরুজ্জামান নয়ন, আমিনুর রহমান দুলাল, আসাদুজ্জামান পাভেল, কামরুজ্জামান মৃধা, জসীমউদ্দীন নাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তুহিনকে কুপিয়ে হত্যা করে। দীর্ঘদিন ধরে তিনি সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। এ হত্যাকাণ্ডে দেশের সাংবাদিক মহলে গভীর শোক ও ক্ষোভ নেমে এসেছে।