তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হলে বিএনপির শক্তি হবে অপ্রতিরোধ্য


Rastrerkotha প্রকাশের সময় : ০৪/০৯/২০২৫, ৫:২৬ অপরাহ্ণ /
তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হলে বিএনপির শক্তি হবে অপ্রতিরোধ্য
4

রাষ্ট্রের কথা ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর জলঢাকায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে এ আয়োজন পরিণত হয় মিলনমেলায়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলামের নেতৃত্বে র‍্যালিটি পেট্রোলপাম্প এলাকা থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জলঢাকা সরকারি ডিগ্রি কলেজ মাঠে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল্লাহ (রুবেল)।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা সদস্য ও উপজেলা সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সৈয়দ আলী, জেলা সদস্য সাঈদ আহম্মেদ ডিডু চৌধুরী, সাবেক উপজেলা সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, পৌর সভাপতি রশিদুল ইসলাম বাঙালী, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ভুট্টু, উপজেলা যুবদলের সভাপতি হারুন জোয়ার্দার, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান কবির লেলিন, সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মীর সেলিম ফারুক বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে, বিএনপিই হবে জনগণের মুক্তির প্ল্যাটফর্ম বিএনপির শক্তি ঐক্যে। কোনো ভেদাভেদ নয়, সবার সম্মিলিত প্রচেষ্টাতেই দলকে সুসংগঠিত করতে হবে।”

জেলা সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল বলেন, “আজ জলঢাকায় বিএনপির গণজোয়ার প্রমাণ করে, জনগণ বিএনপির সঙ্গে আছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই গণজোয়ারকে আর কেউ থামাতে পারবে না।”

অন্যান্য বক্তারা দলের নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে একই পতাকার নিচে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে আবারও একটি র‍্যালি বের হয়ে জলঢাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি।