
জাহিদুল ইসলাম স্টাফ রিপোর্টার:
দুর্নীতিবাজদের ঠাঁই নাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই” এ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জিরোপয়েন্ট মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সচেতন নাগরিক সমাজের আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সানাউল্লাহ সানা, ইয়াস রুক্সি, লাবলু ইসলাম, ছোট নাহিদ, আইনুল হক, ওমর ফারুক, লাদেন হোসেন, ছোট বাবু, আলমগীর ইসলামসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লা দীর্ঘদিন ধরে সীমাহীন দুর্নীতির মাধ্যমে সিন্ডিকেট গড়ে তুলেছেন। তিনি সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও প্রতিটি দলিল নিবন্ধনে ১০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত ঘুষ নেন। ঘুষ ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না।
আনোয়ার হোসেন বলেন, “এই লুৎফর রহমান মোল্লা দুর্নীতির টাকা দিয়ে ঢাকায় বিপুল সম্পদ গড়ে তুলেছেন। তার বিরুদ্ধে তদন্ত করে অবৈধ সম্পদের হিসাব নেওয়া এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।”
বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়িত না হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
আপনার মতামত লিখুন :