ডিমলায় ট্রলির ধাক্কায় জামায়াত নেতা নিহত


Rastrerkotha প্রকাশের সময় : ২৮/০৯/২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ /
ডিমলায় ট্রলির ধাক্কায় জামায়াত নেতা নিহত
2

নীলফামারী সংবাদদাতা:

নীলফামারীর ডিমলায় বালুবোঝাই ট্রলির ধাক্কায় মাওলানা রফিকুল ইসলাম (৫৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শুটিবাড়ী বাজারের পূর্ব পাশে ডিমলা–ডালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা রফিকুল ইসলাম উপজেলার খালিশা চাপানী বুড়িরহাট গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি ডিমলা উপজেলা সম্মিলিত বন্দর খড়িবাড়ী ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে মাওলানা রফিকুল ইসলাম মোটরসাইকেলযোগে মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে শুটিবাড়ী বাজারের পূর্ব পাশে পৌঁছালে পেছন থেকে আসা একটি বালুবোঝাই ট্রলি তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল হাকিম তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তেলিরবাজার এলাকার একটি প্রভাবশালী চক্র তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছে। এসব বালুবোঝাই ট্রলি বেপরোয়া গতিতে চলাচল করায় সড়কগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।