ঠাকুরগাঁওয়ে জামায়াতের শক্তির প্রদর্শন: ১০ হাজার মোটরসাইকেলের শোডাউন


Rastrerkotha প্রকাশের সময় : ২২/১১/২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ /
ঠাকুরগাঁওয়ে জামায়াতের শক্তির প্রদর্শন: ১০ হাজার মোটরসাইকেলের শোডাউন
83

এম এ সামাদ, নিজস্ব সংবাদদাতা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি দেলাওয়ার হোসেনের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় ঠাকুরগাঁও পৌর শহরের সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা চত্বরে শোডাউনটির উদ্বোধন করা হয়। সেখান থেকে প্রায় একশ’ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে শোডাউনটি পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড, নারগুন, বেগুনবাড়ী, মোহাম্মদপুর, রহিমানপুর, রাজাগাঁও ও রুহিয়া ইউনিয়নের বিভিন্ন বাজার ঘুরে বিকেল ৩টা পর্যন্ত চলে।

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এই শোডাউনে প্রায় ২০ হাজার নেতাকর্মী এবং প্রায় ১০ হাজার মোটরসাইকেল অংশ নেন। পথজুড়ে তিনি বিভিন্ন স্থানে বিরতি দিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাড়িপাল্লা প্রতীকে ভোট চান।

শোডাউন শেষে দেলাওয়ার হোসেন বলেন, “দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি নতুন উন্নয়নের বাংলাদেশ গড়তে দাড়িপাল্লায় ভোট দিন। দেশকে পরিবর্তন করতে আমরা কাজ করছি, ইনশাআল্লাহ জয় আমাদের হবেই।”

এ সময় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।