টিএসসির দেয়ালে জামায়াত নেতার ছবি সরিয়ে এবার খালেদা জিয়ার বক্তব্য টাঙাল শিবির


Rastrerkotha প্রকাশের সময় : ০৭/০৮/২০২৫, ৮:৩০ পূর্বাহ্ণ /
টিএসসির দেয়ালে জামায়াত নেতার ছবি সরিয়ে এবার খালেদা জিয়ার বক্তব্য টাঙাল শিবির
5
ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদদাতাঃ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় একটি আলোকচিত্র প্রদর্শনীতে জামায়াতে ইসলামীর দণ্ডপ্রাপ্ত নেতাদের ছবি টাঙিয়ে সমালোচনার মুখে পড়ার পর সেই ছবি সরিয়ে নিয়েছিল ইসলামী ছাত্রশিবির। তবে একদিনের ব্যবধানে আবারও নতুন পোস্টার লাগিয়েছে সংগঠনটি, যেখানে এবার রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য ও যুদ্ধাপরাধ বিচার নিয়ে বিতর্কিত বিভিন্ন তথ্য।

‘আমরাই ৩৬ জুলাই : আমরা থামবো না’ শিরোনামে ছাত্রশিবির এ প্রদর্শনীর আয়োজন করে জুলাই বিপ্লবের বর্ষপূর্তিকে কেন্দ্র করে।

গত মঙ্গলবার, প্রদর্শনীতে যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতাদের ছবি টাঙানো হলে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো সরিয়ে দেয়।

কিন্তু বুধবার (৬ আগস্ট) সকালে দেখা যায়, সেই একই দেয়ালে নতুন করে লাগানো হয়েছে এমন কিছু পোস্টার, যেখানে—খালেদা জিয়ার যুদ্ধাপরাধ বিচার বিষয়ে পুরনো বক্তব্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের ‘স্কাইপ কেলেঙ্কারি’, আন্তর্জাতিক আইনজীবী জিওফ্রে রবার্টসন ও সাবেক বিচারপতি সুরঞ্জন বালির মন্তব্য তুলে ধরা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসেন খান জানান, “বিচার ব্যবস্থাকে কিভাবে ষড়যন্ত্রের মাধ্যমে কলুষিত করা হয়েছে, আমরা তা প্রদর্শনীতে দেখিয়েছি। এ বিষয়ে বেগম খালেদা জিয়ার তৎকালীন বক্তব্য এখনো প্রাসঙ্গিক।”

তিনি আরও দাবি করেন, “বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করে গত ১৫ বছরে সরকার দমন-পীড়ন চালিয়েছে। সেটারই একটি দিক তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে।”

এই ঘটনাকে কেন্দ্র করে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বা অন্যান্য ছাত্রসংগঠনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।