ঝিনাইগাতীতে শিক্ষার্থীর উপবৃত্তির টাকা হাতিয়ে নিলেন সাবেক সচিব, ইউএনও’র কাছে অভিযোগ


Rastrerkotha প্রকাশের সময় : ২১/০৮/২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ /
ঝিনাইগাতীতে শিক্ষার্থীর উপবৃত্তির টাকা হাতিয়ে নিলেন সাবেক সচিব, ইউএনও’র কাছে অভিযোগ
2

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর সংবাদদাতা:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী স্বপ্না আক্তারের চার বছরের উপবৃত্তির টাকা অন্যের মোবাইল নম্বর ব্যবহার করে উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারী শিক্ষার্থীর বাবা মো. সহিজ উদ্দিন- যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ও হতদরিদ্র- উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার মেয়ে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও কোনো উপবৃত্তি পাননি। অভিযোগে বলা হয়, মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের তৎকালীন সচিব মো. খোরশেদ আলম (বর্তমানে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের সচিব) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগসাজশে শিক্ষার্থীর প্রকৃত মোবাইল নম্বর ০১৯০৪৯৩৪১২৬ পরিবর্তন করে নিজের ব্যক্তিগত নম্বর ০১৯১২৮০১৮৭৭ ব্যবহার করেন। এর মাধ্যমে নিয়মিতভাবে স্বপ্নার উপবৃত্তির টাকা তিনি উত্তোলন করে নেন।

বিষয়টি সমাধানে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক একাধিকবার উদ্যোগ নিলেও তা ব্যর্থ হয়।

অভিযোগকারী সহিজ উদ্দিন বলেন, “আমি গরীব মানুষ, প্রতিবন্ধী। আমার মেয়ের পড়াশোনার খরচের জন্য এই উপবৃত্তির টাকা খুব দরকার ছিল। অথচ সেই টাকা দীর্ঘদিন ধরে অন্যরা আত্মসাৎ করছে। আমি আমার মেয়ের প্রাপ্য টাকা ফেরত চাই এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করছি।”

এ বিষয়ে অভিযুক্ত সাবেক সচিব মো. খোরশেদ আলম অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”