জুলাই জাতীয় সনদে এনসিপির স্বাক্ষর, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা 


Rastrerkotha প্রকাশের সময় : ১৭/০২/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ /
জুলাই জাতীয় সনদে এনসিপির স্বাক্ষর, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা 
27

নিজস্ব সংবাদদাতাঃ

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির পক্ষে সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন সনদে স্বাক্ষর করেন।

এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

স্বাক্ষর অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা বলেন, “এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল, আজ সেই বিশ্বাস পূর্ণতা পেল। জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল।” তিনি এনসিপিকে এই মহতি উদ্যোগে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, “এই দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে প্রতিটি পদক্ষেপে পথনির্দেশনা দেয়-সে জন্য সবাইকে প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে।” পাশাপাশি তিনি জানান, আগামীকাল নতুন সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে এবং সবার আগামী দিন শুভ হোক বলে আশাবাদ ব্যক্ত করেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দলের নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। “আমরা একই সঙ্গে দুটি শপথ নিতে যাচ্ছি-সংসদ সদস্য হিসেবে এবং জুলাই সনদের আদর্শ বাস্তবায়নের শপথ। দেশের মানুষ আমাদের ওপর যে আস্থা রেখেছে, আমরা তা বাস্তবায়ন করবো।”

তিনি আরও বলেন, “জুলাই সনদে সবার শেষে স্বাক্ষর করলেও বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ছিলাম সর্বোচ্চ তৎপর।”

এনসিপির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম।