জামায়াত কার্যালয়ে সার-বীজ নয়, ষড়যন্ত্র উদ্ধার! জামায়াতের বিস্ফোরক দাবি


Rastrerkotha প্রকাশের সময় : ০২/১১/২০২৫, ৫:১৯ পূর্বাহ্ণ /
জামায়াত কার্যালয়ে সার-বীজ নয়, ষড়যন্ত্র উদ্ধার! জামায়াতের বিস্ফোরক দাবি
40

ঝিনাইদহ সংবাদদাতা:

ঝিনাইদহ সদরের সুরাট ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে সরকারি কৃষি প্রণোদনার সার ও বীজ উদ্ধারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলমগীর হুসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিন্দা জানানো হয়।

শনিবার (১ নভেম্বর) বিবৃতিতে বলা হয়, স্থানীয়ভাবে ‘মব’ সৃষ্টি করে জামায়াতের কার্যালয় থেকে সার ও বীজ উদ্ধারের নামে অপপ্রচার চালানো হয়েছে। প্রকৃতপক্ষে এগুলো ছিল স্থানীয় কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার অংশ হিসেবে বিতরণের প্রস্তুতিতে রাখা মালামাল। ইতোমধ্যে ৩০ জন কৃষককে বীজ দেওয়া হয়েছিল এবং রাত হয়ে যাওয়ায় সারগুলো পরদিন হস্তান্তরের জন্য অফিসে রাখা হয়েছিল বলে দাবি সংগঠনটির।

জামায়াত অভিযোগ করে, গত শুক্রবার রাতে বিএনপির কিছু ‘কুচক্রী নেতা’ স্থানীয় সাংবাদিক ও নেতাকর্মীদের সঙ্গে মিলে “চোর বানানোর ষড়যন্ত্রে” মব সৃষ্টি করে নাটক সাজিয়েছে। “জামায়াত কর্মীদের হেয় করতে এই সাজানো নাটক গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে” বলা হয় বিবৃতিতে।

সংগঠনটির দাবি, বিভিন্ন গণমাধ্যমে ‘বিপুল পরিমাণ’ সার ও বীজ উদ্ধারের খবর প্রচারিত হলেও, বাস্তবে সেখানে ছিল মাত্র সাত প্যাকেট সরিষা ও মসুরের বীজ এবং চার বস্তা সার।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “৫ আগস্ট ২০২৪-এর পর থেকে জামায়াতের জনপ্রিয়তা বেড়ে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও তাদের সহযোগীরা জামায়াতের উত্থান ঠেকাতে অপপ্রচারে লিপ্ত হয়েছে।”

এতে অভিযোগ করা হয়, সুরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনের নেতৃত্বে বিএনপি-আওয়ামী আঁতাত করে জামায়াতের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চালাচ্ছে।

বিবৃতির শেষাংশে সদর উপজেলা জামায়াত জানায়, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আমানতদার সংগঠন, যারা মানবতার কল্যাণে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। সামান্য কিছু সার-বীজ আত্মসাৎ করবে এটা হাস্যকর ও ভিত্তিহীন অপবাদ ছাড়া আর কিছুই নয়।”