জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের


Rastrerkotha প্রকাশের সময় : ০৭/০৮/২০২৫, ৯:১০ পূর্বাহ্ণ /
জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের
8
অনলাইন প্রতিবেদকঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্বার্থে সকল গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকবেই, তবে জাতীয় ইস্যুতে যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেদিকে আমাদের সবার খেয়াল রাখতে হবে। কারণ ধর্ম, দর্শন, মত যার যার, কিন্তু রাষ্ট্র আমাদের সবার।”

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিজয় র‍্যালির আগে এক ভার্চুয়াল সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান অভিযোগ করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় বিএনপিসহ বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেওয়া হয়েছে। কেউ কেউ চার শতাধিক মামলার আসামিও হয়েছেন। এমনকি গুম ও হত্যার শিকার হয়েছেন শত শত বিরোধী নেতাকর্মী। শুধু ২০২৪ সালের একটি মাসেই গণঅভ্যুত্থানে বহু মানুষ নিহত হন, এমনকি চার বছরের শিশুও রেহাই পায়নি।

তিনি বলেন, “বর্তমান শাসনামলে দেশে এক অন্ধকার যুগ কায়েম হয়েছিল। আজকের এই বিজয় র‌্যালি সেই অন্ধকার থেকে আলোর পথে যাত্রার প্রতীক। তবে এই পথ সহজ নয়। ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা যেন আবার ফিরে না আসে, এজন্য গণতন্ত্রকামী জনগণকে সদা সতর্ক থাকতে হবে।”

তারেক রহমান আরও বলেন, বর্তমানে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা গেলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না।

তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, “আজ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে—নিজ অধিকার রক্ষায়, পরিবারের নিরাপত্তায় এবং ভবিষ্যৎ প্রজন্মের একটি নিরাপদ বাংলাদেশ গঠনে এগিয়ে আসুন।”

ফ্যাসিস্ট শাসনের ভয়াবহতার চিত্র তুলে ধরে তিনি বলেন, “ফ্যাসিস্ট শাসনে কারো নিরাপত্তা ছিল না। ভোটাধিকারসহ গণতান্ত্রিক সব অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তাই গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।”

বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যেই ৩১ দফা রূপরেখা এবং সংস্কার প্রস্তাব উপস্থাপন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি এই রূপরেখা অনুযায়ী একটি কল্যাণমুখী সরকার গঠন করবে।”

সবশেষে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গঠনে বিজয় র‌্যালির সফলতা কামনা করে তিনি দেশবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করেন।