
নিজস্ব সংবাদদাতাঃ
নীলফামারীর জলঢাকায় শহীদ জিয়ার আদর্শে গড়ে ওঠা জাতীয়তাবাদী দল বিএনপি ত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন উপজেলা বিএনপির কাউন্সিল সদস্য ও গোলমুন্ডা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আফতাব হোসেন।
রোববার (১ জানুয়ারি) দুপুরে উপজেলা জামায়াতের কার্যালয় আল-ফালাহ অফিসে উপস্থিত হয়ে জামায়াতে ইসলামীতে যোগদানের লক্ষ্যে সহযোগী ফরম পূরণ করেন তিনি।
মো. আফতাব হোসেন শহীদ জিয়ার শাসনামল থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর ৬ নং ওয়ার্ডের দায়িত্বশীল হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি উপজেলা বিএনপির সদস্য এবং গোলমুন্ডা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
যোগদান শেষে আফতাব হোসেন বলেন, “দেশ ও মানুষের কল্যাণে আদর্শিক রাজনীতি করার লক্ষ্যেই আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমি বিশ্বাস করি, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।”
এসময় উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. কামরুজ্জামান বলেন, “একজন দায়িত্বশীল ও অভিজ্ঞ রাজনৈতিক নেতার যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে। আগামীর আন্দোলন-সংগ্রামে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।”
এদিকে দীর্ঘদিনের বিএনপি নেতার দল পরিবর্তনের ঘটনায় জলঢাকার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :