জলঢাকায় বজ্রপাতে ভ্যানচালক নিহত, গুরুতর আহত শিক্ষক


Rastrerkotha প্রকাশের সময় : ২০/০৪/২০২৬, ৪:০১ অপরাহ্ণ /
জলঢাকায় বজ্রপাতে ভ্যানচালক নিহত, গুরুতর আহত শিক্ষক
49

মো. রমজান আলী>>

নীলফামারীর জলঢাকায় আকস্মিক বজ্রপাতে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাবলু হোসেন (৫০) উপজেলার দক্ষিণ দেশীবাই এলাকার বাসিন্দা ও পেশায় ভ্যানচালক। আহত মো. আক্তারুজ্জামান খুটামারা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খুটামারা হাফেজিয়া মাদ্রাসা এলাকা থেকে আক্তারুজ্জামানকে নিয়ে ভ্যানে করে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন লাবলু হোসেন। পথিমধ্যে বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান লাবলু। এসময় বজ্রাঘাতে গুরুতর দগ্ধ হন শিক্ষক আক্তারুজ্জামান।

পরবর্তীতে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।