জলঢাকায় টিসিবি পণ্যে ওজন কারচুপির অভিযোগ


Rastrerkotha প্রকাশের সময় : ২৮/০২/২০২৬, ৫:৫০ অপরাহ্ণ /
জলঢাকায় টিসিবি পণ্যে ওজন কারচুপির অভিযোগ
81

মো. রমজান আলী>>

পবিত্র রমজান মাসে নীলফামারীর জলঢাকায় টিসিবির পণ্য ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। উপজেলার কৈমারী ইউনিয়নের টগরার ডাঙ্গা এলাকায় সরেজমিনে গিয়ে এ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স আল মদিনা স্টোরের প্রোপাইটর আশেদুল হক টিসিবির চাল, মসুর ডাল, বুট ডাল ও চিনি নির্ধারিত ওজনের চেয়ে কম দিয়ে বিক্রি করছেন। উপজেলার প্রায় ১ হাজার ৭০০ কার্ডধারীর মাঝে ৬০০ টাকার বিনিময়ে এসব পণ্য বিতরণ করা হচ্ছে। তবে পণ্য নিতে আসা একাধিক সুবিধাভোগী অভিযোগ করেছেন, তেল ছাড়া প্রায় সব পণ্যই ওজনে কম দেওয়া হচ্ছে।

সুবিধাভোগী রোকছানা বেগম বলেন, “ডিলারের কাছ থেকে নেওয়া তেল বাদে প্রায় সবকিছুরই ওজন কম। এটা দেখার যেন কেউ নেই।”

অপর এক ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, “সরকার তো পণ্য কম দেয় না, আমরাও টাকা কম দিই না। তাহলে ডিলার কেন কম দেবে? ১ হাজার ৭০০ মানুষকে কম দিলে কত পণ্য বাড়তি থাকে, একবার হিসাব করলেই বোঝা যায়।”

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ট্রাক অফিসার উপস্থিত না থাকলেও ডিলার পণ্য বিক্রি করছেন। সরেজমিন পর্যবেক্ষণে কয়েকটি পণ্যে ওজনের ঘাটতির বিষয়টি পাওয়া গেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত ডিলার আশেদুল হক বলেন, “অনেক সময় ভুলবশত কম হতে পারে।”

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইমরুল মোজাক্কিন জানান, “ওজনে কম দেওয়া দণ্ডনীয় অপরাধ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় সুবিধাভোগীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।