জলঢাকায় জুলাই পুণর্জাগরণে লাখো কণ্ঠে শপথের গর্জন


Rastrerkotha প্রকাশের সময় : ২৬/০৭/২০২৫, ৩:১৩ অপরাহ্ণ /
জলঢাকায় জুলাই পুণর্জাগরণে লাখো কণ্ঠে শপথের গর্জন
2

জাহিদুল ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:

“জুলাই পুণর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৬ জুলাই) সকালে নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও সুশৃঙ্খল সমাবেশ।

সমাজে সচেতনতা বৃদ্ধি, সমতা প্রতিষ্ঠা, নারী অধিকার ও সামাজিক মূল্যবোধ জোরদারের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, জলঢাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশের সূচনা হয়। এরপর লাখো মানুষের কণ্ঠে একযোগে সমাজ পরিবর্তনের শপথ পাঠ করানো হয়। দুর্নীতি, মাদক, নারী নির্যাতন, সহিংসতা, বাল্যবিবাহসহ সকল সামাজিক ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করা হয়।

শপথ পাঠ পরিচালনা করে ইউএনও বলেন, “সামাজিক পরিবর্তন আনতে হলে আমাদের প্রত্যেককে নিজেদের অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। আজকের এই শপথ যেন বাস্তব জীবনে প্রতিফলিত হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য।”

বক্তারা পুণর্জাগরণ, সামাজিক সহাবস্থান ও উন্নয়নে নারীর অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উপস্থিত সুধীজনদের অংশগ্রহণে পরিবেশনা, আলোচনা ও উন্মুক্ত মতামতের মধ্য দিয়ে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠান শেষে একটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শিত হয় এবং উপস্থিত জনসাধারণকে সমাজ সংস্কারে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের সমাবেশ সমাজে নৈতিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে কার্যকর ভূমিকা রাখবে।