জয়পুরহাটে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান”-এর প্রথম বার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


Rastrerkotha প্রকাশের সময় : ০৭/০৮/২০২৫, ১০:২৫ অপরাহ্ণ /
জয়পুরহাটে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান”-এর প্রথম বার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
6

আহসান হাবিব, জয়পুরহাট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার আয়োজনে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান”-এর প্রথম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৫টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জয়পুরহাট জেলা আমীর ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশ আজ স্বৈরাচারী শাসনের করালগ্রাসে ধ্বংসপ্রায়। মানুষের ভোটাধিকার, বাক-স্বাধীনতা এবং মানবাধিকার হরণ করা হয়েছে। ইসলামী নেতৃত্বই পারে এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশিদসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল ছাত্র-জনতার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। শহীদদের রক্ত বৃথা যাবে না; আমরা সেই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে অগ্রসর হবো।”

অনুষ্ঠানে বক্তারা গণঅভ্যুত্থানের পটভূমি, তাৎপর্য এবং ভবিষ্যতের করণীয় নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভা শেষে ‘উদ্ভাবন সাংস্কৃতিক সংসদ’-এর পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।