
পি. কে. রায়, চিরিরচবন্দর (দিনাজপুর) সংবাদদাতাঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব দণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা।
থানা সূত্রে জানা যায়, উপজেলার পুনট্রি ইউনিয়নের কামারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় আল আমিন (১৯) নামে এক যুবককে মাদক সেবনের সময় আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
একই দিন উপজেলার মুসা শাহার বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মৃত নয়া শাহার ছেলে শহিদুল ইসলাম (৬৪), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোলাম মোস্তফার ছেলে জাকারিয়া হোসেন (২৬) এবং আউলিয়াপুকুর ইউনিয়নের দেবীগঞ্জ বাজার এলাকার রঞ্জন রায়ের ছেলে ভূষণ রায়কে (২১) মাদক সেবনের সময় আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন নবী বলেন, “সাজাপ্রাপ্তদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আপনার মতামত লিখুন :