গণভোটসহ ৫ দফা দাবিতে নেত্রকোণায় জামায়াতের বিক্ষোভ মিছিল


Rastrerkotha প্রকাশের সময় : ২৭/১০/২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ /
গণভোটসহ ৫ দফা দাবিতে নেত্রকোণায় জামায়াতের বিক্ষোভ মিছিল
13

আবুল কালাম, নেত্রকোণা সংবাদদাতা:

গণভোট ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখা।

রোববার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় জেলা কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বদরুল আমিনের সঞ্চালনায় এবং জেলা আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য, জেলা জামায়াতের সাবেক আমির ও নেত্রকোণা-২ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা এনামুল হক।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি ও পূর্বধলা আসনের প্রার্থী অধ্যাপক মাছুম মোস্তফা, ময়মনসিংহ মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোণা-৪ আসনের প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার, জেলা সহকারী সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, জেলা শুরা সদস্য ও নেত্রকোণা-৩ আসনের প্রার্থী অধ্যাপক খায়রুল কবির নিয়োগী, জেলা শুরা সদস্য ও নেত্রকোণা-১ আসনের প্রার্থী মাওলানা আবুল হাসিম,
পৌর জামায়াতের আমির মোঃ রফিকুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির নেত্রকোণা জেলা সভাপতি ইয়াসিন মাহমুদ রাসেল।

বক্তারা বলেন, নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে এবং ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে। তারা অভিযোগ করে বলেন, বিভিন্ন স্থানে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে, যা গণতন্ত্রের পরিপন্থী।

প্রধান অতিথি অধ্যাপক এনামুল হক বলেন, “কোন কোন জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। আমরা বলবো এটি বন্ধ করুন। আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট আচরণ করবেন না, নতুবা জনগণ একইভাবে আপনাদের প্রতিক্রিয়া দেখাবে।”

সভাপতির বক্তব্যে জেলা আমির অধ্যাপক ছাদেক আহমাদ হারিছ বলেন,  “দেশের মানুষ যেনতেন কোনো নির্বাচন মেনে নেবে না। প্রশাসনের প্রতি আহ্বান নিরপেক্ষ আচরণ করুন, কোনো দলের প্রতি আনুগত্য দেখাবেন না।”

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেত্রকোণা কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয়। মিছিলে জামায়াতের দুই হাজারেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন।