
নিজস্ব সংবাদদাতাঃ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নীলফামারীর ডিমলা উপজেলায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে ডিমলা বাজারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একই দিনে জেলার ছয়টি উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচিতে অংশ নিয়ে জোটের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি তুলে ধরেন। এ সময় তারা অভিযোগ করেন, গণভোটে জনগণের স্পষ্ট রায় থাকা সত্ত্বেও তা বাস্তবায়ন করা হয়নি।
১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দরা বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ জুলাই সনদের পক্ষে মত দিলেও সরকার তা উপেক্ষা করছে। জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করার দাবি জানান তারা।
তারা আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নে তারা আপসহীন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে। জনগণের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান নেতারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমান, সেক্রেটারি কাজী রুকনুজ্জামান বকুল, নায়েবে আমীর অধ্যাপক হাবিবুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
আপনার মতামত লিখুন :