উজান ঢল ও ভারি বর্ষণে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল বন্যার কবলে


Rastrerkotha প্রকাশের সময় : ১৩/০৮/২০২৫, ১০:০৯ পূর্বাহ্ণ /
উজান ঢল ও ভারি বর্ষণে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল বন্যার কবলে
39

নিজস্ব প্রতিবেদক:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে অবস্থান করছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টার দিকে নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানির সমতল ৫২.২২ মিটার রেকর্ড করা হয়।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখাড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ী ও জলঢাকার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

ডালিয়া ডিভিশনের উপসহকারী প্রকৌশলী (পানি শাখা) তহিদুল ইসলাম বলেন, “উজানের ভারি বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে নিম্নাঞ্চল ও চরগ্রামগুলো প্লাবিত হয়েছে। সন্ধ্যার মধ্যে পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।”

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে।

ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন,“ গতকাল সারাদিন পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও আজ সকাল থেকে তা বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে উঠে গেছে। উজানের পানি বাড়তে থাকায় আমরা সব স্লুইসগেট খোলা রেখেছি।”

আশঙ্কা করা হচ্ছে, যদি অতিরিক্ত বর্ষণ অব্যাহত থাকে, তবে নিম্নাঞ্চলের বন্যার পানি বৃদ্ধি পেতে পারে এবং এর প্রভাব আরও বিস্তৃত হতে পারে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ পরিস্থিতি নজরদারি ও প্রয়োজনীয় সতর্কতা জারি করেছে।