৫ আগস্ট উদ্‌যাপনে ‘জুলাই সনদ’ চাই: নাহিদ ইসলাম


Rastrerkotha প্রকাশের সময় : ২৮/০৭/২০২৫, ৯:১৩ অপরাহ্ণ /
৫ আগস্ট উদ্‌যাপনে ‘জুলাই সনদ’ চাই:  নাহিদ ইসলাম
10

জামালপুর প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে তৈরি জুলাই সনদের মাধ্যমেই আমরা ৫ আগস্ট উদ্‌যাপন করতে চাই।” তিনি বলেন, “কেউ কেউ আমাদের বিরুদ্ধে নির্বাচন পিছিয়ে দেওয়ার অভিযোগ করছেন। অথচ যদি জুলাই গণঅভ্যুত্থান না ঘটত, তবে দেশের মানুষকে বছরের পর বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনের জন্য অপেক্ষা করতে হতো।”

সোমবার (২৮ জুলাই) জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় এক পথসভায় এসব কথা বলেন তিনি। সভায় কোটা সংস্কার আন্দোলন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দেন এনসিপি নেতারা।

নাহিদ ইসলাম বলেন, “আমরা ভোটাধিকার, ন্যায়বিচার এবং মত প্রকাশের স্বাধীনতা চাই। কিন্তু শুধু সরকারের পরিবর্তন নয়—প্রয়োজন অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের সংস্কার। প্রকৃত গণতন্ত্র ছাড়া জনগণের জীবনে পরিবর্তন আসবে না।”

তিনি আরো বলেন, “কোটা সংস্কার আন্দোলনকে আমরা জনগণের আন্দোলনে রূপ দিয়েছি। এটা ছিল একটি গণঅভ্যুত্থান, যার মাধ্যমে জনগণ তাদের অধিকার আদায়ে মুখর হয়ে উঠেছে।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন: এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তানসিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান

এর আগে এনসিপি নেতা-কর্মীরা তমালতলা মোড় থেকে একটি পদযাত্রা শুরু করেন, যা বকুলতলা হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।

নাহিদ ইসলাম সবাইকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ পুনর্গঠনে অংশ নেওয়ার আহ্বান জানান।