সার ডিলার নিয়োগে গড়িমসি, কৃষিতে ঝুঁকির আশঙ্কা-পঞ্চগড়ে মানববন্ধন


Rastrerkotha প্রকাশের সময় : ০১/০৪/২০২৬, ৭:২০ অপরাহ্ণ /
সার ডিলার নিয়োগে গড়িমসি, কৃষিতে ঝুঁকির আশঙ্কা-পঞ্চগড়ে মানববন্ধন
42

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় সংবাদদাতাঃ

সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের নেতারা।

বুধবার (১ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার ডিলাররা অংশ নেন। পঞ্চগড় জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি কৃষি খাত। ফসল উৎপাদনে সারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ছাড়া টেকসই উৎপাদন সম্ভব নয়। কৃষকের দোরগোড়ায় ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে সরকার ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫’ প্রণয়ন করলেও বাস্তবায়নে ধীরগতি দেখা যাচ্ছে।

তারা অভিযোগ করেন, মাঠপর্যায়ে নীতিমালার সুফল না পৌঁছানোয় কৃষকরা ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত ডিলার নিয়োগ ও সুষ্ঠু সার বিতরণ নিশ্চিত না হলে আসন্ন মৌসুমে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তারা।
বক্তারা আরও বলেন, কৃষি মন্ত্রণালয়ের তদারকি জোরদার করে সার মনিটরিং কার্যক্রম সক্রিয় করা জরুরি, যাতে কৃষকেরা সময়মতো প্রয়োজনীয় সার পেতে পারেন।

মানববন্ধন শেষে পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন ডিলার নেতারা।

এ সময় বক্তব্য দেন পঞ্চগড় জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান হক প্রধান, সাধারণ সম্পাদক হায়দার আলী বকুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া আবু নাহিদ লাবুসহ জেলার বিভিন্ন উপজেলার ডিলাররা উপস্থিত ছিলেন।