শিশু ইলিয়াস হত্যার বিচার নিয়ে গড়িমসি: ঝিনাইগাতীতে উত্তেজনা চরমে


Rastrerkotha প্রকাশের সময় : ২১/০৯/২০২৫, ৩:৪৭ অপরাহ্ণ /
শিশু ইলিয়াস হত্যার বিচার নিয়ে গড়িমসি: ঝিনাইগাতীতে উত্তেজনা চরমে
10

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর সংবাদদাতা:

শেরপুরের ঝিনাইগাতীতে শিশু ইলিয়াস হত্যার বিচারের ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও টাঙ্গাইলা পাড়া রাজ্জাক মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। নারী-শিশুসহ প্রায় সহস্রাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত ইলিয়াসের বাবা কালু গাজি, ফুফু ইসমত আরা, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য গৌরাঙ্গ, মাহফুজুর রহমান, দুলাল মন্ডল, এফএম সুলতান আহম্মেদ, আরেফিন সোহাগসহ স্থানীয়রা।

বক্তারা অভিযোগ করেন, শিশু ইলিয়াস হত্যার প্রধান আসামি নাজমুলকে গ্রেপ্তার করা হলেও তার সহযোগী ও অন্যান্য আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। তাদের অভিযোগ, থানা পুলিশ মামলার তদন্তে গড়িমসি করছে, যা দুঃখজনক ও রহস্যজনক। তারা বলেন, একটি শিশু হত্যার মতো জঘন্য ঘটনায় পুলিশের এ ধীরগতি পুরো প্রশাসনের প্রতি মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। তবে তদন্তের স্বার্থে তিনি কোনো বিস্তারিত তথ্য দিতে রাজি হননি।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে নাজমুল ও তার পরিবারের হাতে নির্মমভাবে খুন হওয়ার পর শিশু ইলিয়াসের মরদেহ গুম করে রাখা হয়। পরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় এখনো তীব্র উত্তেজনা বিরাজ করছে।