শাহজাদপুরে সুদের টাকা আদায়ের চাপে যুবকের আত্মহত্যা: স্ত্রীর অভিযোগ


Rastrerkotha প্রকাশের সময় : ১৫/১১/২০২৫, ৯:০৩ অপরাহ্ণ /
শাহজাদপুরে সুদের টাকা আদায়ের চাপে যুবকের আত্মহত্যা: স্ত্রীর অভিযোগ
75

এইচ এম আলাউদ্দিন, স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের শাহজাদপুরে সুদের টাকা আদায়ের চাপে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন ইমদাদুল সরকার (৪০) নামে এক যুবক এমন অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের তালগাছী করতোয়া নদী এলাকার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ইমদাদুল সরকার উপজেলার মাকোরকোলা গ্রামের লেদু সরকারের ছেলে।

নিহতের স্ত্রী জানান, শুক্রবার রাতে মোবাইল ফোনে স্বামী ইমদাদুল তাকে জানান যে কয়েকজন পাওনাদার তার কাছে সুদের টাকা দাবি করছে। টাকা পরিশোধ করতে না পারায় তারা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছিল। স্থানীয় একজন সুদখোর ২০ হাজার টাকার বিনিময়ে সাড়ে তিন লাখ টাকা দাবি করায় মানসিক চাপে পড়ে তিনি গ্যাস ট্যাবলেট খাওয়ার কথা স্ত্রীকে জানান। এরপর আর বাড়ি ফেরেননি।

তিনি আরও দাবি করেন, নিহতের বাম পায়ের হাঁটুর ওপরে লাল কালিতে কয়েকজন পাওনাদারের নাম লেখা ছিল, যাদের বিরুদ্ধে মৃত্যুর জন্য দায়ী হওয়ার অভিযোগ রয়েছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুদের টাকা আদায়ের চাপেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।