
অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক অভিযোগ করেছেন, “শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে নির্মম তামাশা করা হয়েছে।” তিনি দাবি করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পরিকল্পিত ফলাফল ঘোষণা করে জনগণের ব্যালটের অধিকারের সঙ্গে তামাশা করা হয়েছে এবং “ডিপ স্টেটের এজেন্ডা” বাস্তবায়নে প্রশাসনকে ব্যবহার করা হয়েছে।
সারাদেশে নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসির উদ্দেশে তিনি অভিযোগগুলোর তদন্ত করে “জনগণের ব্যালটের অধিকার ফিরিয়ে দেওয়ার” আহ্বান জানান এবং সতর্ক করেন, তা না হলে জনগণ নিজেদের অধিকার আদায় করবে।
তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদী হত্যাসহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এবং “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা” বাস্তবায়ন করতে হবে। ঐক্য ও সংহতি জোরদার করে ভাত ও ভোটের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিশেষ অতিথির বক্তব্যে নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, “আমরা জাতির সামনে ভোটচোরদের উন্মোচিত করেছি।”
তিনি অভিযোগ করেন, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতা দখল করে জনগণের ওপর জুলুম করা হলে তারা বসে থাকবেন না এবং শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবি করেন।
ঢাকা-১২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, “পুরোনো সংস্কৃতির রাজনীতিতে ফিরে যাওয়ার জন্য জুলাই বিপ্লব হয়নি,” এবং বিএনপিকে নতুন ব্যবস্থার রাজনীতি চর্চার আহ্বান জানান।
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল বলেন, প্রত্যাশিত সুষ্ঠু নির্বাচন হয়নি; হয়েছে “ইঞ্জিনিয়ারিং ইলেকশন”।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র প্রেসিডিয়াম সদস্য প্রফেসর উমর ফারুক অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখাকে “ভুল” আখ্যা দেন।
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি; টিআইবির প্রতিবেদনকে তিনি গুরুত্ব দেন।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বিভিন্ন নির্বাচনের ধরন উল্লেখ করে এবারের ভোটকে “ম্যানেজ ভোট” বলে মন্তব্য করেন।
আপনার মতামত লিখুন :