
মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, বিদেশে বসে দূর থেকে রাজনীতি করার যুগ শেষ। বাংলাদেশের রাজনীতি করতে হলে জনগণের কাছে জবাবদিহি করে মাটির মানুষদের সাথে থাকতে হবে।
তিনি বলেন, “লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি করা চলবে না। এই দেশকে ভালোবাসলে এই দেশের মানুষের কাছে এসে রাজনীতি করতে হবে। দূর থেকে দেশ চালানোর স্বপ্ন দেখলে জনগণ তা মেনে নেবে না।”
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামের আয়োজিত তারুণ্যের উৎসব ২০২৫ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কায়েম।
কায়েম আরও বলেন, “সাধারণ মানুষের কথা ভেবে, ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশ নির্মাণ করতে হলে এ দেশের মাটি, মানুষ ও ভাষার প্রতি ভালোবাসা নিয়ে রাজনীতি করতে হবে।”
তিনি দাবি করেন, গত ১৭ বছরে দেশে যে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হয়নি, তা আর কখনোই সফল হওয়ার সম্ভাবনা নেই।
পীরগঞ্জের মিনি স্টেডিয়ামে আয়োজিত তারুণ্যের এই উৎসবে জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত এবং ছাত্রশিবির নেতারা অংশ নেন।
এসময় আরও বক্তব্য দেন, ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :