যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের প্রতিবাদ: সাবেক স্পিকার শিরিন শারমিন আটক ইস্যুতে ক্ষোভ


Rastrerkotha প্রকাশের সময় : ০৮/০৪/২০২৬, ৯:১২ অপরাহ্ণ /
যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের প্রতিবাদ: সাবেক স্পিকার শিরিন শারমিন আটক ইস্যুতে ক্ষোভ
56

হাকিবুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র সংবাদদাতাঃ

বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী কে ঢাকার ধানমন্ডির বাসা থেকে আটক করার ঘটনায় যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) গভীর রাতে আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে নিজ বাসা থেকে আটক করে। তবে এখন পর্যন্ত কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

ড. শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগ, আওয়ামী পরিবার ও বিভিন্ন সহযোগী-অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

তারা বলেন, একজন সাবেক স্পিকার ও রাষ্ট্রের উচ্চপর্যায়ের ব্যক্তিত্বকে এভাবে আটক করা আইনের শাসন ও বিচার ব্যবস্থার ওপর জনমনে আস্থাহীনতা সৃষ্টি করতে পারে।

নেতৃবৃন্দ আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের শাসনের নামে যদি “গায়েবি মামলা” দিয়ে গ্রেফতার করা হয়, তবে তা বিচার ব্যবস্থার প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ন করবে। তারা অবিলম্বে ড. শিরিন শারমিন চৌধুরীসহ সকল রাজবন্দীর মুক্তির দাবি জানান।

এ প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা, বিভিন্ন পর্যায়ের নেতা, সাংবাদিক, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মীসহ শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেন।