
অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা দায়সারাভাবে দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে সেফ এক্সিট বা নিরাপদে সরে যেতে চাইছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (৭ অক্টোবর) নওগাঁয় এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
সারজিস আলম বলেন, “কিছু উপদেষ্টা এখন শুধুমাত্র দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের পর নিরাপদে এক্সিট নিতে চান। দেশে থাকুন বা দেশের বাইরে থাকুন, এইভাবে দায়সারা দায়িত্ব নিলে কোনো অভ্যুত্থান-পরবর্তী সরকার কার্যকর হতে পারে না।”
তিনি আরও বলেন, “তারা যদি ত্যাগ-তিতিক্ষা ভুলে গিয়ে শুধুমাত্র ক্ষমতায় কে আসবে, কাদের সঙ্গে সমঝোতা হবে—এই চিন্তা নিয়ে দেশের সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে দেশের মানুষের সামনে তাদের মুখ দেখানো কঠিন হয়ে যাবে।”
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ করে সারজিস আলম বলেন, “পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা আছে, সেটা হচ্ছে মৃত্যু। এর বাইরে আর কোনো সেফ এক্সিট নেই। আপনি পৃথিবীর যেখানেই যান, সেখানেও বাংলাদেশের মানুষ আপনাকে খুঁজে নেবে।”
আপনার মতামত লিখুন :