মুজিবনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এমপি মাওঃ তাজউদ্দীন খানের মতবিনিময়


Rastrerkotha প্রকাশের সময় : ০৪/০৩/২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ /
মুজিবনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এমপি মাওঃ তাজউদ্দীন খানের মতবিনিময়

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সার্বিক উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক ফলপ্রসূ মতবিনিময় সভা করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা তাজউদ্দীন খান

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা মুজিবনগর উপজেলা পরিষদ হলরুম-এ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা নিজ নিজ বিভাগের কার্যক্রম, চলমান সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, মুজিবনগর তথা মেহেরপুর একটি কৃষিপ্রধান জনপদ। কৃষকদের উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার এবং উৎপাদন বৃদ্ধিতে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষের ন্যায্য ও প্রয়োজনীয় সেবাগুলো যেন কোনো ধরনের তদবির বা ব্যক্তিগত সুপারিশ ছাড়াই দ্রুত ও সঠিকভাবে প্রদান করা হয়।

তিনি আরও বলেন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই অবৈধ আবদার বা অনৈতিক প্রভাব গ্রহণ করা যাবে না। এতে জনসেবার মান বৃদ্ধি পাবে এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামী আমীর খানজাহান আলী, সাধারণ সম্পাদক খাইরুল বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে সংসদ সদস্য উপজেলায় পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। সভাটি আন্তরিক ও গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।