মুজিবনগরে পতাকা বৈঠকের মাধ্যমে ভারত ফেরত দিলো বাচ্চা সহ ৪ বাংলাদেশি


Rastrerkotha প্রকাশের সময় : ১৯/০৯/২০২৫, ৯:৪৩ অপরাহ্ণ /
মুজিবনগরে পতাকা বৈঠকের মাধ্যমে ভারত ফেরত দিলো বাচ্চা সহ ৪ বাংলাদেশি
7

মেহেরপুর সংবাদদাতা:

মেহেরপুর জেলার মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে চার বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত স্বাধীনতা সড়কের ১০৫ নং মেইন পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে মুজিবনগর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশারের নেতৃত্বে ১০-১২ জন বিজিবি সদস্য উপস্থিত ছিলেন। অপরদিকে ভারতের চাপড়া থানার অন্তর্গত হৃদয়পুর সীমান্ত এলাকা থেকে বিএসএফের ইন্সপেক্টর ধর্মেন্দ্র কুমার পান্ডের নেতৃত্বে ৯ জন সদস্য অংশ নেন। বৈঠক শেষে বিএসএফ চার বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

ফেরতপ্রাপ্তরা হলেন, একই পরিবারের চাঁদপুরের হাজীগঞ্জ ধরডা এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে রতন হোসেন(৩৭) তার স্ত্রী রাবেয়া আক্তার (৩৪) মেয়ে হাবিবা (১০) ছেলে ঈমাম হোসেন (১ মাস ২ দিন)।

পরিবারটি দীর্ঘদিন ধরে ভারতের রাজস্থান প্রদেশের বিকানের জেলার ভেসকলোনি থানাধীন পাবন পুরি গান্ধী কলোনিতে বসবাস করছিল। রতন হোসেন রাজমিস্ত্রির কাজ করতেন। তারা ২০২২ সালের অক্টোবর মাসে যশোর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন।

গত ২৮ আগস্ট (২০২৫) ভারতীয় পুলিশের হাতে আটক হওয়ার পর আইনানুগ প্রক্রিয়ায় তাদের বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে।

বর্তমানে ফেরতপ্রাপ্তরা মুজিবনগর বিজিবি ক্যাম্পের হেফাজতে রয়েছেন। তাদের দেওয়া নাম-ঠিকানা যাচাই-বাছাইসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।